হাইটেক সিটিতে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে ওরিক্স

২১ জুলাই, ২০১৯ ১৯:৪১  
বায়োটেকনোলজি নিয়ে কাজ করার জন্য বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ২৫ একর জমি বরাদ্দ পেয়েছে ওরিক্স বায়ো-টেক লিমিটেড। সেখানে বছরে ১২০০ টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্ল্যান্ট নির্মাণ করবে তারা। এরসঙ্গে ২০টি প্লাজমা সংগ্রহ স্টেশন সংযুক্ত থাকবে। আর এ প্রকল্পের জন্য ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। রোববার (২১ জুলাই) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে বায়ো-টেক প্রকল্প বিষয়ক বৈঠকে এসব তথ্য জানানো নয়। বৈঠকেপ্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সময় এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি ওরিক্স বায়ো-টেক লিমিটেডকে দ্রুত কাজ শুরু করার তাগিদ দেন এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাদেরকে এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ দেন। এরপর সামিট টেকনোপলিশ লিমিটেড ও নেটওয়ার্ল্ড হোল্ডিংসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমের সভাপতিত্বে বৈঠকৈ দুই একর জায়গায় এমআইসিআর চেক বুক উৎপাদন, ক্লাউড সার্ভিস এবং বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করার কথা জানায় নেটওয়ার্ল্ড হোল্ডিংস কোম্পানি। প্রতিষ্ঠানটি সেখানে প্রাথমিকভাবে ১০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং ৫০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা হাতে নিয়েছে।